নিজস্ব প্রতিবেদক: ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনটিআরসিএর ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ প্রক্রিয়া সরকারের নির্বাহী আদেশে সম্পন্ন করার সুপারিশ করেছে কমিটি।
রবিবার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত ও সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া বৈঠকে সভাপতিত্ব করেন। এতে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ কমিটির সদস্যরা অংশ নেন।
সভায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত সর্বশেষ প্রবিধানমালায় সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতক রাখার বিষয়টি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়।
হজযাত্রী ও দুরারোগ্য রোগে আক্রান্ত শিক্ষকদের অগ্রাধিকার দিয়ে অর্থ পরিশোধ এবং অর্থপ্রাপ্তি সাপেক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পর্যায়ক্রমে পাওনা পরিশোধের সুপারিশ করা হয়।
এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগ কার্যক্রমের অগ্রগতি কমিটিকে জানানো হয়। চলমান নিয়োগ প্রক্রিয়ার মৌখিক পরীক্ষা ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানানো হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পর্যালোচনায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সংসদীয় কমিটির অনুসন্ধান ও তদন্তের সিদ্ধান্ত হয়। এ ছাড়া নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে মন্ত্রণালয়ের সর্বশেষ অবস্থান তুলে ধরা হয়।
বৈঠকে কারিগরি শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো এবং ১-১২তম নিবন্ধনধারী শিক্ষকদের বিষয়ে এনটিআরসিএর সর্বশেষ সিদ্ধান্তও কমিটিকে অবহিত করা হয়। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, জাতীয় বিশ্ববিদ্যালয়, এনটিআরসিএ, এনসিটিবিসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
