নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা বেশ কয়েকজন নেতাও রয়েছেন।
পুলিশ জানায়, কুমিল্লা মহানগরীসহ জেলার ১৮টি থানা এলাকায় গত তিন দিন সাঁড়াশি অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ এই রাজনৈতিক সংগঠনের ৮১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা মিছিলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এসব কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ একযোগে অভিযান শুরু করেছে। সংগঠনটির সদস্যরা যাতে নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশ নিতে না পারেন, সে লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে কোতোয়ালী মডেল থানায় ১১ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৪ জন, চৌদ্দগ্রাম থানায় ১০ জন, চান্দিনা থানায় ৭ জন, বুড়িচং থানায় ৩ জন, ব্রাহ্মণপাড়া থানায় ৫ জন, বরুড়া থানায় ১০ জন, লাকসাম থানায় ৪ জন, মনোহরগঞ্জ থানায় ২ জন, নাঙ্গলকোট থানায় ৪ জন, দাউদকান্দি মডেল থানায় ২ জন, তিতাস থানায় ১ জন, হোমনা থানায় ৩ জন, মেঘনা থানায় ২ জন, দেবিদ্বার থানায় ২ জন, মুরাদনগর থানায় ১ জন, বাঙ্গরা বাজার থানায় ৪ জন, লালমাই থানায় ৪ জন এবং জেলা গোয়েন্দা শাখার অভিযানে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
