মোঃ হাবিবুর রহমান ।।
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় হজ চুক্তি অত্যন্ত সফল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সৌদি আরব তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার কোটা বরাদ্দ দেওয়ায় আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের সুযোগ পাবেন।
সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় এই দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর শেষে সন্তোষ প্রকাশ করে ধর্মমন্ত্রী জানান, অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এবারের দ্বিপক্ষীয় হজ চুক্তি। গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে বাংলাদেশ থেকে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছিলেন। এবার প্রাথমিক কোটার সঙ্গে তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার বৃদ্ধি পাওয়ায় মোট কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ জনে উন্নীত হয়েছে।
বৈঠকে কোটা নির্ধারণের ক্ষেত্রে মিনার তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি আলোচনায় উঠে আসে। তবে এই সীমাবদ্ধতার মাঝেও বাংলাদেশের জন্য সুখবর দিয়েছেন সৌদি মন্ত্রী। তিনি আশ্বস্ত করেছেন যে, অন্য কোনো দেশ তাদের নির্ধারিত কোটা ব্যবহারে ব্যর্থ হলে বা তা বাতিল করলে, সেই খালি কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে বরাদ্দ দেওয়া হবে। ফলে ভবিষ্যতে কোটার পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
উভয় দেশের অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৌদি আরবের পক্ষে উপস্থিত ছিলেন হজ ও ওমরাহ সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মোনাখা, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ।
বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দাস্থ কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন।
