সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. জিলানী চৌধুরীর পদাবনতি হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা পদ থেকে তাকে নামিয়ে দেওয়া হয়েছে অফিস সহকারী পদে।
২০২৪ সালে দায়ের করা বিভাগীয় মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের (হাইকোর্ট বিভাগ) কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৩-এর ৪(১)(ঘ) বিধি অনুযায়ী তাকে নিম্নতর পদে অবনমন করা হয়েছে।
অর্থাৎ প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব ছেড়ে এখন থেকে অফিস সহকারী হিসেবে কাজ করতে হবে তাকে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী মঙ্গলবার (১০ নভেম্বর) এ বিষয়ে অফিস আদেশ জারি করেন।
আদেশটি এরই মধ্যে কার্যকর হয়েছে এবং তার চাকরির খতিয়ানেও পদাবনতির বিষয়টি নথিভুক্ত করা হয়েছে।
