মোঃ জামাল হোসেন ।।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কৃতি সন্তান আফজাল হোসাইন ফারাবী আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব বার-আউলিয়ার ২০২৭ বর্ষের সভাপতি নির্বাচিত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের আগ্রাবাদে অনুষ্ঠিত ক্লাবের ১০ম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন। একই নির্বাচনে সাধারণ সম্পাদক ও ডিনার নোটিশ এডিটর নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম সুমন।
আফজাল হোসাইন ফারাবীর আদি নিবাস চাঁদপুর জেলার শাহরাস্তি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শাহাপুর গ্রামে। শাহরাস্তিতে স্কুলজীবন শেষ করে উচ্চশিক্ষার জন্য তিনি চট্টগ্রামে আসেন। পরবর্তীতে চট্টগ্রামে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একটি শীর্ষস্থানীয় ডেভেলপমেন্ট কোম্পানিতে অপারেশন ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
২০২২ সালে এপেক্স আন্দোলনে যুক্ত হওয়ার পর থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন ফারাবী। এর আগে তিনি ২০২৪ সালে ক্লাবের কোষাধ্যক্ষ, ২০২৫ সালে ভাইস প্রেসিডেন্ট এবং ২০২৬ সালে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি এপেক্সের বিভিন্ন প্রতিযোগিতায়ও তাঁর উল্লেখযোগ্য অর্জন রয়েছে। জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ, জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন, বেস্ট ডেলিগেট-২০২৫ এবং বেস্ট চেঞ্জওভার স্যুভেনির-২০২৫ অর্জন তাঁর উল্লেখযোগ্য সাফল্য।
২০২৭ বর্ষে ক্লাবের নেতৃত্ব গ্রহণ করে এপে. ফারাবী সেবামূলক কার্যক্রমের মাধ্যমে এপেক্সের জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জাতীয় পর্যায়ে এপেক্স ক্লাব অব বার-আউলিয়াকে সেরা ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করাকে প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছেন।
নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় আফজাল ফারাবী বলেন, সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ায় আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার প্রতি আস্থা রাখার জন্য ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ। আগামী দিনে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করছি। আশা করি, ভবিষ্যতেও সবাই আমার পাশে থাকবেন।
উল্লেখ্য, এপেক্স বাংলাদেশ একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের অংশ। সেবা, সৌহার্দ্য ও সুনাগরিকত্ব এই তিনটি মূলমন্ত্রকে ধারণ করে সংগঠনটি ১৯৩১ সাল থেকে নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা এবং মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
