নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার উন্নয়ন নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বা দলের ভেতরে কোনো বিভাজন নেই বলে জানিয়েছেন কুমিল্লা-০৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
শনিবার (৭ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি আয়োজিত নগরীর কান্দিরপাড়স্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এমপি মনিরুল হক চৌধুরী বলেন, যারা দেশ ও জাতি নিয়ে খেলে, আমাদের স্বাধীনতা নিয়ে খেলে, যারা জাতির রক্ত নিয়ে খেলা করে এবং তারেক জিয়া ও শহীদ জিয়ার পরিবারের ওপর আঘাত হানে, তাদের বিরুদ্ধে আজকের এই মুহূর্ত থেকে আমাদের কঠোর সংগ্রামে অবতীর্ণ হতে হবে। শহীদ জিয়া তাঁর রাজনীতিতে কখনো আপস করেননি উল্লেখ করে তিনি বলেন, 'যে জিয়া জনতার, সেই জিয়া মরে নাই' আজ পর্যন্ত শহীদ জিয়া আমাদের কাছে আদর্শের প্রতীক।
মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এবং কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম)। এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
