ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০ লাখ ৬৮ হাজার ৩৪০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
গতকাল সোমবার (৯ নভেম্বর) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীনস্থ শশীদল বিওপি এবং বুড়িচং শংকুচাইল বিওপি এলাকার সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারিরা পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের মোট বাজারমূল্য ১০ লাখ ৬৮ হাজার ৩৪০ টাকা।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শরিফুল ইসলাম (এএসসি) মালামাল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এমন তৎপরতা ও গোয়েন্দা নজরদারি নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। জব্দ করা চোরাচালানি মালামাল আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।
