প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলায় প্রথমবারের মতো ১৭টি দুর্গাপূজা মণ্ডপের দায়িত্বশীলদের নিয়ে শারদ পুনর্মিলনী ও সম্মাননা স্মারক ও অভিবাদনার্ঘ্য স্মারক প্রদান করা হয়েছে। দুর্গাপূজায় ব্যতিক্রমী আয়োজন, সৃজনশীলতা, ঐতিহ্য সংরক্ষণ, শৃঙ্খলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়টি মণ্ডপ ও সংগঠনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। পাশাপাশি সুশৃঙ্খলভাবে দুর্গাপূজা উদযাপনের জন্য উপজেলার ১৭টি মণ্ডপের দায়িত্বশীলদের হাতে স্মারক তুলে দেওয়া হয়।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পূজা উদযাপন পরিষদ।
বিশেষ সম্মাননার মধ্যে ধান দিয়ে ব্যতিক্রমী দুর্গাপ্রতিমা নির্মাণ, উদ্ভাবনী উদ্যোগ এবং গণমাধ্যমে লালমাইয়ের ইতিবাচক পরিচিতি তুলে ধরায় গৌর নিতাই সেবাশ্রম পূজামণ্ডপ সম্মাননা লাভ করে। ৭৩ বছরের প্রাচীন পূজার ঐতিহ্য সংরক্ষণ ও নান্দনিক আলোকসজ্জার জন্য পশ্চিম পেরুল বিশালাক্ষী দুর্গামণ্ডপ এবং ব্যতিক্রমী তোরণ, পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাপন ও সংস্কৃতির আদলে প্রতিমাশিল্প এবং থিম প্রদর্শনীর জন্য বাউল গোসাই আশ্রম পূজামণ্ডপ বিশেষ পুরস্কার পায়।
এ ছাড়া সার্বিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলার জন্য আলীশ্বর সিদ্ধেশ্বরী কালীবাড়ি পূজামণ্ডপ, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা ও দর্শনার্থীদের আপ্যায়নে অবদানের জন্য তুলাতুলী অগ্নিবীণা সংঘ এবং ধর্মীয় শিশু নৃত্য প্রতিভার স্বীকৃতিস্বরূপ পশ্চিম অশ্বত্থতলা রক্ষা কালীবাড়ি মণ্ডপকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পুলিন ভৌমিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিন্টু চন্দ্র দাস, বাবু সুরেশ চন্দ্র সূত্রধর, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মানিক মজুমদার, বাবুল বণিক, অমর বৈষ্ণব, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক শম্ভু রায়, রতন কুমার আচার্য্য, বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাসসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, লালমাই উপজেলা প্রতিষ্ঠার পর এবারই প্রথম দুর্গাপূজা পরবর্তী শারদ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। এবারের দুর্গাপূজা অতীতের তুলনায় অত্যন্ত আনন্দমুখর, উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। এ জন্য তাঁরা মাননীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিএসবি,ডিজিএফআই, আনসার কর্মকর্তা, গ্রাম পুলিশ এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধনের একতস অনন্য মিলনমেলা। ভবিষ্যতেও সকলের সম্মিলিত প্রচেষ্টায় লালমাইয়ে শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের ধারাবাহিকতা বজায় থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ত্রিলয় সংগীত নিকেতনের খুদে শিল্পীরা।
