বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩
এনআইডি-জন্মনিবন্ধন সংশোধনে ভোগান্তি, সংসদে ক্ষোভ
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন সনদ সংশোধন করতে গিয়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন একাধিক সংসদ সদস্য। অপ্রয়োজনীয় কাগজপত্র চাওয়া এবং অনলাইনে আবেদন বাতিলের কারণ স্পষ্ট না করার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে প্রশ্নোত্তর পর্বে এ অভিযোগ তোলেন সংসদ সদস্যরা। সংসদে প্রথমে বিষয়টি উত্থাপন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা।
তিনি বলেন, এসএসসি সনদ, জন্মনিবন্ধন কিংবা সঠিক নাগরিক সনদের মতো সরকারি নথি জমা দেওয়ার পরও স্থানীয় নির্বাচন অফিসগুলোতে বারবার নোটারি পাবলিক, এফিডেভিট বা অতিরিক্ত কাগজপত্র চাওয়া হয়। এতে নাগরিকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ ধরনের ভোগান্তি কমাতে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় কাগজপত্র চাওয়া বন্ধে স্পষ্ট নির্দেশনা দেওয়ার প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, অনলাইনে এনআইডি সংশোধনের আবেদন বাতিল বা রিজেক্ট করার ক্ষেত্রে সিস্টেমে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয় না। এমনকি কোন কাগজের ঘাটতি রয়েছে, তাও স্পষ্ট করা হয় না। ফলে নাগরিকদের বারবার ফি দিয়ে নতুন করে আবেদন করতে হয়। 
আবেদন বাতিলের কারণ স্পষ্টভাবে নোটিফিকেশন বা এসএমএসের মাধ্যমে জানানোর বাধ্যবাধকতা তৈরি করা হবে কি না, সে বিষয়েও তিনি জানতে চান।
ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানও এনআইডি কার্ড ও জন্মনিবন্ধন সংশোধন করতে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।
জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ভোটার নিবন্ধনকালে ব্যক্তির দেওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে এবং বায়োমেট্রিক গ্রহণ ও যাচাইয়ের পর তথ্যের সঠিকতা নিশ্চিত করে জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়।
তিনি জানান, মাধ্যমিক সনদে বর্ণিত তথ্যের সঠিকতা যাচাইপূর্বক জাতীয় পরিচয়পত্র সংশোধন করা হয়। তবে শিক্ষাগত যোগ্যতা উচ্চতর থেকে নিম্নতর করা, মাধ্যমিক সনদে লিপিবদ্ধ নাম ও বাবা-মায়ের নামের সঙ্গে ভিন্নভাবে সংশোধন এবং জন্মতারিখ পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে হলফনামা দাখিল করতে হয়।
মীর শাহে আলম আরও জানান, বর্তমানে সংশোধনী আবেদন বাতিলের কারণ নথিতে ও সিস্টেমে লিপিবদ্ধ করা হয়। এ বিষয়ে আবেদনকারীর মোবাইল ফোনে ‘বাতিল’ এসএমএস পাঠানো হয়।
এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এসব অভিযোগের বিষয়ে সরকার অবগত রয়েছে। দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়েও সরকার পদক্ষেপ নিচ্ছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২