বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩
বিদেশে চিকিৎসার জন্য নেওয়া যাবে ৩০ হাজার ডলার
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

বিদেশে চিকিৎসার জন্য বিদেশি মুদ্রা পাঠানোর সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক।
এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই অনুমোদিত ব্যাংকের মাধ্যমে বিদেশে চিকিৎসার খরচ বাবদ সর্বোচ্চ ৩০ হাজার ডলার বা সমপরিমাণ বিদেশি মুদ্রা পাঠানো যাবে। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।
সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা সার্কুলারে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, বিদেশে বিদেশি মুদ্রা পাঠানোর ক্ষেত্রে আরও নমনীয়তা আনা এবং বৈধ চলতি হিসাবের লেনদেন সহজ করার লক্ষ্যে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ হাজার ডলারের বেশি পাঠানোর ক্ষেত্রে বিদ্যমান বিধিবিধান অনুসরণ করতে হবে।
বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও বড় পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। আগে বিদেশে স্কুলপর্যায়ের পড়াশোনার জন্য বৈদেশিক মুদ্রা পাঠাতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন প্রয়োজন হতো। নতুন সিদ্ধান্তে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রে এ বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে।
এখন থেকে এ ধরনের খরচ অনুমোদিত ডিলার ব্যাংকগুলো নিজেরাই ছাড় করতে পারবে। তবে শিক্ষার্থীর বিনা খরচে বা বিনা বেতনে পড়াশোনার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে ব্যাংকগুলোকে।
এছাড়া সার্টিফিকেশন ও পেশাগত কোর্সের পাশাপাশি ডাকযোগে পরিচালিত নিয়মিত একাডেমিক বা প্রাতিষ্ঠানিক শিক্ষাক্রমের খরচ পাঠানোর সুযোগও সহজ করা হয়েছে। এসব খাতেও এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো।
সার্কুলারে ব্যক্তিগত ভ্রমণ, বিদেশে চিকিৎসা, পড়াশোনা এবং অন্যান্য অনুমোদিত খাতে ব্যক্তিপর্যায়ে বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ সম্প্রসারণের বিষয়টি বিবেচনায় নিয়ে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবের অর্থ জমার নিয়মেও পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়মে, বাংলাদেশে বসবাসকারী কোনো বাংলাদেশি নাগরিক বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা দেশে আনলে তা আরএফসিডি হিসাবে জমা রাখতে হলে সংশ্লিষ্ট অর্থ কাস্টমস কর্তৃপক্ষের কাছে এফএমইউ ফরমে ঘোষণা করতে হবে। অর্থাৎ কাস্টমসে ঘোষণা করা বৈদেশিক মুদ্রাই এ ধরনের হিসাবে জমা রাখা যাবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২