নিজস্ব প্রতিবেদক: সমবায়ের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক অগ্রগতিতে বিশেষ অবদান রাখায় কুমিল্লায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেয়েছে ‘জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি:। ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে কৃষি/সার্বিক ক্যাটাগরিতে সমিতিটিকে এ সম্মাননা প্রদান করা হয়।
‘করবো সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে গত ৮ নভেম্বর কুমিল্লায় পালিত হয় ৫৫তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ, কুমিল্লার উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান খোকনের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মো. সালমান ইকবাল, উপজেলা সমবায় কর্মকর্তা মো. শরিফুল ইসলাম ভূঁইয়াসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন।
এ সম্মাননা সমিতির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও দায়িত্বশীল কার্যক্রমের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি গ্রামীণ পর্যায়ে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার পাশাপাশি সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
