সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩
কুবিতে ৭ নভেম্বরের প্রাসঙ্গিকতা নিয়ে জাতীয় ছাত্রশক্তির আলোচনা সভা
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

কুবি প্রতিনিধি: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থান, এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার পালাবদল এবং পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনে জিয়াউর রহমানের ভূমিকা—এসব ইতিহাসের আলোকে বর্তমান রাজনীতির শিক্ষা ও ভবিষ্যৎ পথরেখা খুঁজতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আলোচনা সভা করেছে জাতীয় ছাত্রশক্তি। সভায় বক্তারা ইতিহাসকে দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে সত্য অনুসন্ধানের দায়বদ্ধতা থেকে পর্যালোচনার ওপর গুরুত্ব দেন।
রোববার (৮ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ‘৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য ও প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। ‘সিপাহি-জনতার অভ্যুত্থান: বর্তমানের প্রেক্ষাপটে ফিরে দেখা’ প্রতিপাদ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহি-জনতার অভ্যুত্থানের ঐতিহাসিক পটভূমি, নেপথ্যের কারণ এবং অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় ক্ষমতার পটপরিবর্তন নিয়ে আলোচনা করেন বক্তারা। এ ছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের পুনর্গঠন, রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা এবং গৃহীত বিভিন্ন পদক্ষেপের ঐতিহাসিক পর্যালোচনা তুলে ধরা হয়।
এছাড়াও আলোচনায় ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ থেকে বর্তমান রাজনীতির জন্য কী ধরনের শিক্ষা নেওয়া যেতে পারে, তা নিয়েও বক্তারা মতামত দেন। পাশাপাশি এসব ঐতিহাসিক শিক্ষা থেকে জাতীয় ছাত্রশক্তির আদর্শিক অবস্থান, সাংগঠনিক দর্শন ও ভবিষ্যৎ রাজনৈতিক পথচলার জন্য কী ধরনের মূলনীতি গ্রহণ করা যেতে পারে, সে বিষয়েও আলোচনা করা হয়।
সভায় কুমিল্লা জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক নাঈম ভূঁইয়া বলেন, ‘আমরা বিশ্বাস করি, ইতিহাস কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর একক সম্পত্তি নয়। বাংলাদেশের ইতিহাসকে সব সময় বিভিন্ন মোড়কে উপস্থাপন করা হয়। যখন যে পক্ষ ক্ষমতায় থাকে, সে পক্ষ তার ক্ষমতার রং অনুযায়ী ইতিহাসকে সাজিয়ে পরিবেশন করে।’
তিনি আরও বলেন, ‘ইতিহাস পরিবর্তনের অন্যতম প্রধান অনুঘটক। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি জাতি তার ভুল, অর্জন ও সংগ্রামের পথ পর্যালোচনা করবে এবং ভবিষ্যতের দিকনির্দেশনা খুঁজবে। তাই কোনো ক্ষমতার রঙিন চশমা দিয়ে নয়, বরং সত্য অনুসন্ধানের দায়বদ্ধতা থেকে ইতিহাস জানতে, বুঝতে ও প্রশ্ন করতে হবে।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক নিলয় বড়ুয়া বলেন, ‘৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য এবং বর্তমান প্রেক্ষাপটে এর প্রাসঙ্গিকতা তুলে ধরতেই এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সিপাহি-জনতার অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তুলনামূলক পর্যালোচনা এবং ইতিহাস সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য এ ধরনের পাঠচক্র গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘সঠিক তথ্য ও ইতিহাস জানার জন্য জাতীয় ছাত্রশক্তি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও বিভিন্ন বিপ্লব ও ঐতিহাসিক দিবসের সঠিক ইতিহাস ও তথ্য সবার কাছে তুলে ধরতে তাদের পাঠচক্রের কার্যক্রম অব্যাহত থাকবে।’












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২