সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় সাপের আতঙ্ক: তিন দফায় ৮৫ সাপ উদ্ধার, এক বাড়িতেই মিলল ৫২টি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সাপের আতঙ্ক কোনোভাবেই কাটছে না। উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামে একের পর এক বসতঘর থেকে সাপের বাচ্চা ও বড় সাপ বেরিয়ে আসায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি সাপের কামড়ে এক স্কুলছাত্রীর মৃত্যুর পর গত কয়েক দিনে তিন দফায় মোট ৮৫টি সাপ উদ্ধার ও মারা হয়েছে। এর মধ্যে শুধু একটি বাড়ি থেকেই সাপুড়ের মাধ্যমে ৫২টি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর ধান্যদৌল গ্রামে সাপের কামড়ে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার পরই পুরো এলাকায় সাপ নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর গত ২২ অক্টোবর সামসু মাস্টারের বাড়ি থেকে ২২টি বিষধর সাপ মেরে ফেলেন স্থানীয়রা।
সর্বশেষ গতকাল ৮ নভেম্বর (রোববার) সকাল সাড়ে ১০টার দিকে ধান্যদৌল চৌধুরী বাড়ির অপুর খানের বসতঘরের পশ্চিমের রুমে একটি বিষধর সাপ ফণা তোলা অবস্থায় দেখতে পান ঘরের মালিক। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় লাঠি দিয়ে পিটিয়ে সাপটি মারা হয়। আনুমানিক তিন ফুট দীর্ঘ এই সাপটি মারার পর গ্রামবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দেয়।
এর আগে গত ২৯ অক্টোবর ধান্যদৌল গুচ্ছগ্রামের আজিজ মিয়ার বাড়িতে বড় ধরনের সাপের আস্তানার সন্ধান মেলে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুমিল্লার দাউদকান্দি থেকে রাজু কবিরাজ নামের এক সাপুড়ে সেখানে গিয়ে উদ্ধার অভিযান চালান।
সাপুড়ে রাজু কবিরাজ জানান, উদ্ধার করা সাপের মধ্যে দুটি বাচ্চা মারা গেলেও বাকি ৫০ টি সাপ তিনি সঙ্গে নিয়ে যান।
এভাবে ঘরের ব্যাগ, বই, বস্তা কিংবা মুরগির খোঁয়াড়ের নিচ থেকে সাপ উদ্ধারের ঘটনায় নিজেদের বসতঘরেও নিরাপদ বোধ করছেন না গুচ্ছগ্রামের বাসিন্দারা। কখন কার ঘর থেকে সাপ বেরিয়ে আসে—এই আশঙ্কায় অভিভাবকেরা শিশুদের একা ছেড়ে দিতে ভয় পাচ্ছেন।
এলাকাবাসীর আশঙ্কা, আশপাশের বাড়ি কিংবা বসতঘরের অন্যকোনো গোপন স্থানে আরও সাপ বা ডিম থাকতে পারে। পুরো গ্রামের মানুষ বর্তমানে চরম সতর্ক অবস্থায় দিন কাটাচ্ছেন এবং দ্রুত প্রশাসনের পক্ষথেকে এই ভীতি দূর করার কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২