কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক নাজমুল হাসান ভূঁইয়া বাসিরকে ঢাকার পল্টন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিন গ্রেপ্তার হয়েছেন নাঙ্গলকোট পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে পল্টন এলাকার নিজ বাসা থেকে বাসিরকে গ্রেপ্তার করে পল্টন মডেল থানা-পুলিশ।
এর আগে গত বুধবার রাতে নাঙ্গলকোট উপজেলার দাউদপুর গ্রামের নিজ বাড়ি থেকে সেলিম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে নাঙ্গলকোট থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সেলিম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম সেলিম জাহাঙ্গীরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে পল্টন মডেল থানার ওসি আরিফুল আলম আরিফ নাজমুল হাসান ভূঁইয়া বাসিরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যানকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
