ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে চুরি হওয়া সিএনজিচালিত অটোরিকশা প্রায় ১৮০ কিলোমিটার দূরে মৌলভীবাজারের শেরপুর হাইওয়ে থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। চুরির তিনদিন পর রোববার (১ নভেম্বর) বিকেলে অভিযান চালিয়ে অটোরিকশাটি উদ্ধার করা হয়। পরে ওই দিন রাতেই সেটি ব্রাহ্মণপাড়ায় নিয়ে এসে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেয় পুলিশ। ব্রাহ্মণপাড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে ব্রাহ্মণপাড়া থানা ও শেরপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর রাত আনুমানিক ১টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই এলাকায় নজরুল ইসলাম মাস্টারের মার্কেটের একটি দোকানকক্ষের ভেতর থেকে মো. রফিকুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তির সিএনজিচালিত অটোরিকশাটি চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী ব্রাহ্মণপাড়া থানায় একটি চুরির মামলা করেন। মামলার পর চোরাই অটোরিকশাটি উদ্ধারে মাঠে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সূত্রের সহায়তায় অটোরিকশাটির অবস্থান শনাক্ত করে মৌলভীবাজার জেলার শেরপুর হাইওয়ে থানা এলাকায় অভিযান চালানো হয়। প্রায় ১৮০ কিলোমিটার দূরে গিয়ে চার দিনের মাথায় অটোরিকশাটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। তবে এ ঘটনায় জড়িত অভিযুক্তরা এখনো পলাতক রয়েছে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনায় থানায় মামলা হওয়ার পরপরই পুলিশ সেটি উদ্ধারে তৎপর হয়। পুলিশের একটি দল দীর্ঘ পথ পাড়ি দিয়ে মৌলভীবাজারের শেরপুর হাইওয়ে থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই অটোরিকশাটি উদ্ধার করে। পরে সেটি প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
