এইচএসসি পরীক্ষা-২০২৬ এ বরাবরের মতো এবারও দুর্দান্ত সাফল্য অর্জন করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ। প্রকাশিত ফলাফল অনুযায়ী, কলেজটিতে পাসের হার দাঁড়িয়েছে ৮৬.০১%। যেখানে সমগ্র কুমিল্লা শিক্ষা বোর্ডের গড় পাসের হার মাত্র ৪৮.০৪%।
এ বছর কলেজ থেকে একটি জিপিএ-৫সহ বিপুলসংখ্যক শিক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। শুধু পাসের হারেই নয়, ফলাফল ও মেধার বিচারেও কলেজটি এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের সেরা মেধাতালিকায় ১৬তম স্থান অধিকার করার পাশাপাশি ব্রাহ্মণপাড়া উপজেলার কলেজগুলোর মধ্যে এটি তৃতীয় স্থান অর্জন করেছে।
উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকেই কলেজটি শিক্ষা বিস্তারে আলো ছড়িয়ে আসছে এবং নিয়মিতভাবে কুমিল্লা বোর্ডের সেরা কলেজগুলোর তালিকায় নিজেদের অবস্থান ধরে রেখেছে। প্রতিষ্ঠার পর থেকে অদ্যবধি কলেজটির দীর্ঘ পথপরিক্রমায় গড় পাসের হার প্রায় ৯৯%-যা এই অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে এক বিরল দৃষ্টান্ত।
শিক্ষার গুণগত মান রক্ষা এবং এই ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠাতা মহোদয় ও কলেজ পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা, নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দের কঠোর পরিশ্রম এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়।
কলেজের এই গৌরবোজ্জ্বল ও ঈর্ষণীয় সাফল্যে গভীর সন্তোষ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন কলেজটির প্রতিষ্ঠাতা মহোদয় ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মহোদয়। এক বাণীতে তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত রেখে কলেজটি দেশের গণ্ডি পেরিয়ে আরও বড় গৌরব অর্জন করবে।
