
বিভিন্ন আজুহাতে সাম্প্রতিক সময়ে ভারত ক্রিকেট দল বাংলাদেশ সফর করেনি। তবে কিছু দিন আগে ভারতের হ্যান্ডবল দল ঢাকায় টুর্নামেন্ট খেলেছে। এবার এসেছে ভারতের ফুটবল দল। আজ সাফের উদ্বোধনী ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে ভারতীয় কোচ নওশাদ মুসা জানিয়েছেন, বাংলাদেশের আথিতেয়তায় সন্তুষ্ট তারা।
জাতীয় স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতীয় কোচ নওশাদ মুসাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কিংবা ভারতীয় দল নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা বা সমস্যা বোধ করছেন কিনা? এই প্রশ্নের উত্তরে ভারতীয় কোচ নওশাদ মুসা বলেন, ‘আমি বলব কিছুই (সমস্যা কিংবা অস্বস্তি) না। আমাদের সাথে সার্বক্ষণিক সিকিউরিটি অফিসার থাকেন। তিনি আমাদের বলেছেন একা কোথাও না যেতে। গতকাল অনুশীলন করেছি, আজ ম্যাচ খেললাম কোনো ইস্যু নেই। আমি জানি না, ক্রিকেটের বিষয়টি।’ ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন থেকে ভারতীয় দলের প্রতি কোনো বিশেষ বার্তা বা নির্দেশনাও নেই বলে জানিয়েছেন কোচ।
ভারত আজ ম্যাচে ৯০ মিনিট পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে ছিল। ইনজুরি সময়ে দুই গোল হজম করে। খেলার সময় আরেকটু বেশি থাকলে স্কোরলাইন অন্য রকম হতে পারত বলে মনে করেন ভারতীয় কোচ, ‘এ রকম খেলায় ক্যাজুয়াল হওয়ার সুযোগ নেই। মনোযোগ হারালেই আপনাকে শাস্তি পেতে হবে। ৫-১০ মিনিট বেশি হলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত।’
ভারতের মূল স্কোয়াড নিউজিল্যান্ডে প্রীতি ম্যাচ খেলবে। সাফে আজ ভারত ১৭ জনের স্কোয়াড ছিল। ফিফা উইন্ডোতে আরো কয়েকজন খেলোয়াড় যোগ দেয়ার কথা। এরপরও ভারতের বিপক্ষে পাকিস্তান ৩-০ গোলে পিছিয়ে পড়ছিল। পাকিস্তানী কোচ সলানো ম্যাচ শেষে খানিকটা আফসোসই করলেন, ‘ভারতের এই দলটিও ভালো। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল হলে ম্যাচের ফলাফল অন্য রকম হতে পারত।’
