আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার বিদায়ের মধ্য দিয়ে এক বিরাট অধ্যায়ের সমাপ্তি ঘটলো। এক ভিডিওবার্তায় বিদায়ের ঘোষণা দিয়েছেন রোনালদো। এরপর থেকে ভক্ত-অনুরাগীরা ছাড়াও ভবিষ্যত দিনের জন্য তাকে শুভকামনা জানাচ্ছেন সতীর্থ ও বিশ্ব ফুটবলের নামিদামি তারাকারা।
রোনালদোর নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়েছে তার বর্তমান ক্লাব আল নাসর। ২০২৩ সাল থেকেই সৌদি প্রো লিগের ক্লাবটিতে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’ রোনালদোর অবসরের ভিডিও শেয়ার করে আল-নাসর লিখেছে, ‘এটা শুধু একটি অধ্যায়ের সমাপ্তি নয়, এটা এমন এক ইতিহাস, যা তুমি নিজের হাতে গড়েছো। তুমি শুধু পর্তুগালের নও, পুরো বিশ্বের মানুষের কাছে এক আইকন।’
বিশ্বজুড়ে রোনালদোকে ভালোবাসেন অসংখ্য ফুটবল ভক্তরা। সেটিও উল্লেখ করেছে আল নাসর। এবং ক্লাবটির হয়ে এখনও অনেক ইতিহাস লেখার বাকি সেটিও বলা হয়েছে পোস্টে, ‘পর্তুগাল তোমার হৃদয়ে, আর তুমি জায়গা করে নিয়েছ বিশ্বের কোটি মানুষের হৃদয়ে। একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে, তবে ইতিহাসের আরও অনেক কিছু লেখা বাকি। তোমার নিজের ঠিকানা আল নাসরে, আমাদের সঙ্গে।’
আল নাসরের হয়ে ২০২৩ সাল থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬০ ম্যাচ মাঠে নেমে এখন পর্যন্ত ১৩৮ গোল করেছেন রোনালদো। সবমিলিয়ে তার ক্যারিয়ারের গোলসংখ্যা এখন ৯৮৫। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে হাজার গোলের মাইলফলকের দিকে ছুটছেন তিনি।
জাতীয় দল থেকে অবসর নিলেও আল নাসরের জার্সি গায়ে প্রথম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক ছুঁয়ে ফেলবেন তিনি খুব দ্রুতই। আপাতত সেই অপেক্ষা খোদ রোনালদো ও তার ভক্তদের।
