ফারুক আহাম্মদ,ব্রাহ্মণপাড়াঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে মেধা তালিকায় ১১তম স্থান অর্জন করেছে। সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এ অর্জনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার (৪ নভেম্বর) দুপুরে কলেজ চত্বর থেকে আনন্দ মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি ব্রাহ্মণপাড়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। মিছিল শেষে শিক্ষক-শিক্ষার্থীরা একে অপরের মধ্যে মিষ্টি বিতরণ করে আনন্দ ভাগাভাগি করেন। কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রযুক্তি (বিএমটি) শাখা থেকে মোট ৬৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬১৭ জন। অনুত্তীর্ণ হয়েছে ৪৫ জন। সে হিসাবে কলেজটির সামগ্রিক পাসের হার ৯৩ দশমিক ২০ শতাংশ। বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে ২৯২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে একজনসহ উত্তীর্ণ হয়েছে ২৯০ জন। মানবিক বিভাগে ২৩০ জনের মধ্যে পাস করেছে ১৯১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১১৩ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০৯ জন। অন্যদিকে, বিএমটি শাখা থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২৭ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। এ শাখায় পাসের হার শতভাগ। কলেজ কর্তৃপক্ষ জানায়, অনুত্তীর্ণ ৪৫ জনের মধ্যে কয়েকজন শিক্ষার্থী ফরম পূরণের পর চাকরিতে যোগদান, প্রবাসে পাড়ি জমানো এবং পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি। আবার কেউ কেউ আংশিক পরীক্ষায় অংশ নেওয়ার পর পরবর্তী পরীক্ষাগুলোতে অনুপস্থিত ছিল। কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। কখনো সেরা ১০, আবার কখনো সেরা ২০-এর মধ্যে স্থান করে নিয়েছে প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় এবার মেধা তালিকায় ১১তম স্থান অর্জন করেছে। তিনি আরও বলেন, শিক্ষাবর্ষের প্রথম দিন থেকেই সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে শিক্ষকরা নিরলসভাবে কাজ করেন। শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে পাঠদানের পাশাপাশি নিয়মিত পড়াশোনার প্রতি মনোযোগী করতে সর্বোচ্চ চেষ্টা করা হয়। একই সঙ্গে পাঠ্যশিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হয়, যাতে শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক মূল্যবোধসম্পন্ন ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। অধ্যক্ষ বলেন, এবারের এইচএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জনে কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী, পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
