বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩
ন্যায্যতার ভিত্তিতে বিষয়টি নিরসন করুন
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

ন্যায্যতার ভিত্তিতে বিষয়টি নিরসন করুনন্যূনতম মজুরির দাবিতে রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরে পোশাকশিল্পের শ্রমিকরা বিক্ষোভ করছেন। পোশাকশ্রমিকদের অসন্তোষে দেশের প্রায় ৩১৮ কারখানা বন্ধ হয়েছে। গত শনিবার থেকে শুরু হওয়া বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। কোথাও কোথাও পুলিশ বক্স ও গাড়িতে আগুন দেওয়া হয়েছে। হামলার শিকার হয়েছে ফায়ার সার্ভিসের গাড়িও। সংঘাত ও নিরাপত্তাঝুঁকির কারণে বেশ কিছু পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। যদিও একটি সূত্র বলছে, অন্তত সাড়ে ৫০০ কারখানায় শ্রমিকরা কাজে আসেননি। এতে স্থবির হয়ে পড়ে শিল্পাঞ্চলের স্বাভাবিক কার্যক্রম। চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। শিল্পমালিকরা বলছেন, কারখানা পরিচালনার উপযুক্ত পরিবেশ না থাকলে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয়।
শ্রমিক আন্দোলন ঘিরে সৃষ্ট সংকট নিরসনে মন্ত্রী ও কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এ সময় তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মানোন্নয়ন এবং তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দেশের তৈরি পোশাকশিল্পে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন।
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুননির্ধারণে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি এবং একজন নিরপেক্ষ সদস্য নিয়ে গঠিত এই বোর্ড দ্রুত আলোচনা করে নতুন মজুরি নির্ধারণের উদ্যোগ নেবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুনির্দিষ্ট সময়ের মধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, বিক্ষোভে উসকানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সচিবালয়ে এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর সংশোধিত ২০২৬ সালের ১৩৮ ধারার বিধান অনুযায়ী মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকদের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে বোর্ড গঠন করায় তাদের মূল দাবি পূরণ হয়েছে। তাই এখন শ্রমিকদের কাজে ফিরে যাওয়া প্রয়োজন বলে জানান তিনি। একই সঙ্গে বোর্ডের সদস্যদের দ্রুত আলোচনা শুরু করে শ্রমিকদের সন্তোষজনক মজুরি নির্ধারণের উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান।
গত কয়েক দিনে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। সরকারপক্ষ থেকে বলা হচ্ছে, শ্রমিক আন্দোলনের পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ থাকতে পারে। তারা মনে করে, কিছু রাজনৈতিক পক্ষ শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা এবং আন্দোলনের আড়ালে স্বার্থ হাসিলের চেষ্টা হচ্ছে। যারা পোশাক খাতে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চেয়েছেন কারখানার মালিকরা। ন্যূনতম মজুরি বোর্ড গঠনের আগেই কারখানায় আগুন দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে কোনো ষড়যন্ত্র আছে কি না, তাও খুঁজে দেখার পরামর্শ দেন শিল্পোদ্যোক্তারা।
দেশের শিল্পশ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করছেন। সংকট নিরসনে সরকারও উদ্যোগী হয়েছে। তাদের জন্য মজুরি বোর্ডও গঠন করা হয়েছে। এটি একটি ইতিবাচক পদক্ষেপ। শ্রমিকরা নমনীয় থেকে সরকারের সিদ্ধান্তকে বাস্তবায়নের সুযোগ দেবেন। এমনিতেই বৈশ্বিক সংকটে দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক। বেশ কিছু কলকারখানা বন্ধ। অনেক শ্রমিক বেকার। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে নিম্ন আয়ের মানুষ তাদের ক্রয়ক্ষমতা হারিয়েছেন। সরকারি কর্মচারীদের বেতন ঢালাওভাবে বৃদ্ধির প্রতিক্রিয়ায় দেশে মূল্যস্ফীতি অস্বাভাবিকভাবে বেড়েছে। এ অবস্থায় বেসরকারি চাকরিজীবীরা সংকটে পড়েছেন।
সরকার ও মালিকপক্ষকে শ্রমিকশ্রেণির বেতন বাড়ানোর দাবি ন্যায্যতার ভিত্তিতে সমাধান করার পথ খুঁজতে হবে। তাই আমরা আশা করছি, এমন অবস্থায় শ্রমিকরা যাতে সহিংসতা বাড়িয়ে আত্মঘাতী সিদ্ধান্ত না নেন। শ্রমিক-মালিক-সরকার আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি নিরসনে সময়োপযোগী সিদ্ধান্তে উপনীত হবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২