মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ।।
কুমিল্লার বরুড়ায় ভাংতি টাকা নিয়ে বিরোধের জেরে কথা-কাটাকাটি ও মারধরের পর সোহেল মিয়া (নাম) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ঝলম বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া বরুড়া উপজেলার বিলপুকুরিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝলম বাসস্ট্যান্ডের কেরানি মো. আবুল বাসারের দুই ছেলের সঙ্গে ভাংতি টাকা নিয়ে সোহেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল বাসারের এক ছেলেকে থাপ্পড় মারেন বলে জানা গেছে। পরে বাসারের অপর ছেলে, যিনি বলাকা বাসের স্টাফ হিসেবে কর্মরত, ঘটনাস্থলে এসে সোহেলকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে সালিশে বসা হয়। এ সময় সোহেল অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত বরুড়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবি, সোহেল জন্মগতভাবে মৃগীরোগে আক্রান্ত ছিলেন।
এদিকে সোহেলের মৃত্যুর কারণ নিয়ে এলাকায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। নিহতের স্বজন ও তাঁর পক্ষের লোকজনের অভিযোগ, তাঁকে মারধর করে হত্যা করা হয়েছে। অন্যদিকে প্রতিপক্ষের দাবি, তিনি স্ট্রোক করে মারা গেছেন। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান
