গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।
কুমিল্লার বুড়িচং উপজেলার প্রায় ১৩ থেকে ১৪ কিলোমিটার রয়েছে ভারত সীমান্ত। সীমান্তে পর্যাপ্ত পাহারা না থাকায় সহজেই চোরাকারবারিরা জড়িয়ে পড়ছে মাদক কারবারে। এর চেয়েও ভয়ংকর হয়ে বুড়িচংকে গ্রাস করছে মোবাইলে অনলাইন জুয়া। এ অনলাইন জুয়ায় গ্রাম-গঞ্জের বিভিন্ন পেশার মানুষ লোভে পড়ে জড়িয়ে পড়ছেন। মোবাইল জুয়ার ফাঁদে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন গ্রামসহ উপজেলার অনেক পরিবার।
অনেকেই হয়েছেন বাড়িছাড়া, অনেকেই মৃত্যুর পথ বেছে নিয়েছেন। অনেক পরিবার হয়েছে সর্বস্বান্ত, অনেকের সংসার হয়েছে নষ্ট। এই মোবাইল জুয়ার কারণে সর্বস্বান্ত হয়ে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়েছেন অনেকেই। আগে মাদক বিক্রেতা কম হলেও দিন দিন বেড়েই চলছে। যেসব ব্যক্তি মাদক গ্রহণ করেন, তারাই মাদক বিক্রি শুরু করেছেন। দিন দিন বেড়েই চলেছে মাদকের পরিধি। স্কুল-কলেজপড়ুয়া ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী থেকে শুরু করে প্রশাসনের মধ্যেও রয়েছে মাদকসেবী ও মোবাইল জুয়ায় আসক্তরা। এতে এলাকায় চুরি, ছিনতাই, সাংসারিক সমস্যা, পরিবারের অশান্তি দিন দিন বেড়েই চলছে। এ বিষয়ে ২ নং বাকশীমূল ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ইঞ্জিনিয়ার আবুল বাসার , ইউনিয়ন যুবদলের সভাপতি একেএম শাহজাহান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উপজেলা আহবায়ক কমিটির সদস্য মাওলানা মো: মিজানুর রহমান ও সাংবাদিক ফয়েজ আহম্মদ বলেন, উপজেলাবাসীকে ঐক্যবদ্ধ করে সব শ্রেণির মানুষ, ব্যাপক জনসচেতনতার মধ্য দিয়ে সবার সহযোগিতায় এ সামাজিক ব্যাধিকে দূর করতে হবে। তা না হলে যুবসমাজ ধ্বংস হয়ে যাবে।
বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান বলেন, আমাদের চেষ্টা এবং অভিযান অব্যাহত রয়েছে। যেখানেই খবর পাচ্ছি সেখানেই অভিযান চালিয়ে অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে। নেশা ও জুয়া সামাজিক ব্যাধি। সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
