শ্রমিক অসন্তোষে উসকানির অভিযোগে যুবক আটক
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় শিল্পকারখানায় শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির উসকানিদাতা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে আটক করেছে পুলিশ। এছাড়াও জেলাজুড়ে কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদকসংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে একযোগে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় পরিচালিত এ অভিযানে ৩৮৫ জনকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান। তিনি বলেন, অভিযানে শিল্পকারখানায় শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির উসকানি দেওয়ার অভিযোগে মাসুদ রানা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ম্যাসেজ আদান প্রদান এবং এলাকায় উপস্থিত হয়ে তিনি শ্রমিকদের আন্দোলনে উসকানি দিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে কুমিল্লা ইপিজেড এলাকা থেকে আটক করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের নির্দেশনায় জেলার ১৮টি থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা একযোগে এ অভিযান পরিচালনা করেন। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত রয়েছে, এমন স্থানগুলোতে বিশেষ নজর দিয়ে অভিযান চালানো হয়। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, ছিনতাইকারী, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৩৮৫ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান জানান, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোরদের অপরাধের পথ থেকে ফিরিয়ে পড়ার টেবিলে ফেরানো এবং নিরাপদ নগরী গড়ে তুলতে এ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ বদ্ধপরিকর।
