নাঙ্গলকোট প্রতিনিধি:
কিস্তি বকেয়া থাকায় কুমিল্লার নাঙ্গলকোটে সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দেয়ার ঘটনা ঘটেছে।রবিবার দিবাগত গভীর রাতেউপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের চারিজানিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ভূক্তভোগী গ্রাহক চারিজানিয়া গ্রামের সাগরের স্ত্রী ফাতেমা (২৪)। ঘটনায় অভিযুক্ত ইমরুল কায়েস সাজেদা ফাউন্ডেশন বাঙ্গড্ডা শাখা ম্যানেজার বলে জানা গেছে। অভিযুক্ত ইমরুল কায়েসগ্রাহক ফাতেমাকে জোরপূর্বক ঘর থেকে তুলে নিয়ে পুলিশে সোপর্দ করে বলে জানান তার স্বামী মো: সাগর। পরে সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করেনাঙ্গলকোট থানা পুলিশ।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চারিজানিয়া গ্রামের সাগরের স্ত্রী ফাতেমা বেগম। তিনি সাজেদা ফাউন্ডেশন বাঙ্গড্ডা শাখা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ঋণ নেন। ঋণের সমস্ত টাকা পরিশোধ করার পরও এনজিও লোকজন তাঁর কাছে আরও ৩৫ হাজার টাকা পাওনা দাবি করে আসছিল। গত রবিবার রাতে এনজিওর লোকজন এসে তাঁর কাছ থেকে নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। এর কিছুক্ষণ পর পুনরায় এসে ফাতেমাকে জোর পূর্বক তুলে নিয়ে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে সাজেদা ফাউন্ডেশনের বাঙ্গড্ডা শাখা ম্যানেজার ইমরুল কায়েস বলেন, ওই ফাতেমার কাছে প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা পাওনা ছিল। কিস্তি পরিশোধ না করায় নিয়মানুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। তবে গ্রাহককে তুলে নেয়ার বিষয় তিনি অস্বীকার করে বলেন গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়েগেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর ইসলাম বলেন, ওই তরুণীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা জারি ছিল। পরোয়ানা তামিল করতে একজন নারী পুলিশ কর্মকর্তার নেতৃত্বে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
