চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর মারকাযুল কোরআন তাহফিজুল মাদ্রাসার হেফজ বিভাগের দুই শিশু শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক হাফেজ কবির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক অভিজিৎ দাশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাশিনগর মারকাযুল কোরআন তাহফিজুল মাদ্রাসার আবাসিক বিভাগের ১১ ও ১২ বছর বয়সী দুই ছাত্রকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে শিক্ষক হাফেজ কবির হোসেন দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করে আসছিল। উভয় শিক্ষার্থী পার্শ্ববর্তী বড় কাছনাই গ্রামের বাসিন্দা। ছাত্ররা বিষয়টি পরিবারকে জানালে তাদেরকে মেরে ফেলার হুমকি দেয় শিক্ষক কবির হোসেন। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের সত্যতা যাচাই করে রোববার রাতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিযুক্ত হাফেজ কবির হোসেনকে গ্রেফতার করে।
মাদ্রাসা প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন বলেন, ঘটনাটি শোনার সাথে সাথে সঠিক বিচারের আশায় এলাকাবাসীর সহযোগিতায় হাফেজ কবির হোসেনকে থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক অভিজিৎ দাশ বলেন, শিশুদের সুরক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। আটককৃত শিক্ষকের বিরুদ্ধে মামলা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে’।
