সদর দক্ষিণ প্রতিনিধি: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন চিকিৎসাসেবা নিতে আসছেন নারী, পুরুষ ও শিশুসহ নানা বয়সী মানুষ। বহির্বিভাগ (আউটডোর) ও অন্তর্বিভাগে (ইনডোর) চিকিৎসাসেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন অনেক রোগী ও তাঁদের স্বজনেরা। স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবা পাওয়ায় দূরবর্তী হাসপাতালে যাতায়াতের ভোগান্তি ও ব্যয় কমছে বলেও মনে করছেন সেবাগ্রহীতারা।
সংশ্লিষ্টদের মতে, উপজেলা পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ জ্বর, সর্দি-কাশি, পেটের পীড়াসহ বিভিন্ন রোগের চিকিৎসা নিতে প্রতিদিনই এখানে আসছেন রোগীরা। পাশাপাশি শারীরিক জটিলতা নিয়ে আসা রোগীদেরও প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দা সাখাওয়াত হোসেন জানান, উপজেলা পর্যায়ে ভালো চিকিৎসাসেবা পাওয়ায় ছোটখাটো অসুস্থতার জন্য জেলা শহরের হাসপাতালে ছুটতে হয় না। এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান সেবার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি রোগীদের জন্য আরও উন্নত চিকিৎসাসুবিধা নিশ্চিত করার দাবি জানান।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা এবং প্রয়োজনীয় চিকিৎসা উপকরণের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা গেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান আরও উন্নত হবে বলে আশা করছেন এলাকাবাসী।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেসবাহউদ্দিন জানান, ৩০ শয্যার জনবল কাঠামো দিয়েই পরিচালিত হচ্ছে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি।
বর্তমানে হাসপাতালটির বহির্বিভাগে (আউটডোর) প্রতিদিন গড়ে প্রায় ৮০০ রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। পাশাপাশি অন্তর্বিভাগে (ইনডোর) প্রতিদিন ৫০ জনেরও বেশি রোগী ভর্তি থেকে চিকিৎসাসেবা গ্রহণ করছেন। রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানে আমরা বদ্ধপরিকর।
