জাকারিয়া হোসাইন ভূঁইয়া ।।
কুমিল্লার লালমাই সরকারি কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য কঠোর নির্দেশনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এখন থেকে ইউনিফর্ম ও পরিচয়পত্র (আইডি কার্ড) ছাড়া কোনো শিক্ষার্থীকে কলেজে প্রবেশ করতে দেওয়া হবে না। আজ রবিবার (১ নভেম্বর) থেকে এ নির্দেশনা কার্যকর করা হবে।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) কলেজের অধ্যক্ষের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, পরীক্ষায় অংশগ্রহণ, সাপ্তাহিক পাঠপরিকল্পনা তৈরি ও জমাসহ বিভিন্ন বিষয়ে বাধ্যবাধকতা আরোপ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল থেকে প্রত্যেক শিক্ষার্থীকে নির্ধারিত ইউনিফর্ম ও পরিচয়পত্র পরে কলেজে আসতে হবে। একই দিনের মধ্যে শিক্ষার্থীদের পূরণ করা সাপ্তাহিক রুটিনের তিন কপি নিজ নিজ গাইড শিক্ষকের কাছে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে রুটিন জমা দিতে ব্যর্থ হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে দ্বাদশ শ্রেণির কোনো শিক্ষার্থীকে প্রাক্-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কলেজে অনুপস্থিতির ক্ষেত্রে প্রাইভেট পড়া, যাতায়াতের অসুবিধা কিংবা অসুস্থতার অজুহাত গ্রহণযোগ্য হবে না। এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে কলেজ থেকে ছাড়পত্র (টিসি) নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের বিষয়টি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পরীক্ষায় অংশগ্রহণ এবং শৃঙ্খলা নিশ্চিত করতে কলেজ কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে এদিকে কলেজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে বিনা মূল্যে আবাসন ও খাবারের ব্যবস্থা করার কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
