
আজ প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে কুমিল্লার বরুড়া উপজেলার শশাইয়া ফাজিল মাদরাসার ফলাফল নিয়ে স্থানীয় অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, মাদরাসাটি থেকে এ বছর আলিম পরীক্ষায় ১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করলেও তাদের মধ্যে একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি। এমন ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা বিরাজ করছে।
স্থানীয় অভিভাবকদের অভিযোগ, একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী সব শিক্ষার্থী অনুত্তীর্ণ হওয়ার বিষয়টি উদ্বেগজনক। এ ফলাফলের পেছনে শিক্ষার পরিবেশ, পাঠদান পদ্ধতি, শিক্ষকদের দায়িত্বশীলতা এবং সার্বিক একাডেমিক কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
অভিভাবক ও সচেতন মহল মনে করছেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে মাদরাসার ফলাফলের কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
এ বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায় নি। একাধিক বার ফোন দেওয়া হলেও ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয় নি।
