রোববার ● ১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩
মবের শিকার আইইডিসিআরের পরিচালক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম |

মবের শিকার আইইডিসিআরের পরিচালকসরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআরের) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তার নিজের অফিসেই মারধর ও ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ড্যাবের কর্মীরা মব সৃষ্টি করে ঘটনাটি ঘটিয়েছেন বলে জানা গেছে। একজন চিকিৎসকের ওপর এমন হামলা ও লাঞ্ছনা খুবই নিন্দনীয় ও দুঃখজনক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি প্রতিষ্ঠানের পরিচালক এবং একজন চিকিৎসকের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয়।
অধ্যাপক কাজী জাকি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি সম্প্রতি হামের টিকার কার্যকারিতা নিয়ে গবেষণা করছেন। পরিচালককে মারধরের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, ৮ থেকে ৯ জন ব্যক্তি কক্ষে ঢুকে চিকিৎসকদের বৈঠকের মধ্য থেকেই পরিচালককে চেয়ার থেকে টেনে তুলে মারধর করেন। পরে কক্ষে থাকা অন্য ব্যক্তিরা তাদের বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হামলার পর কাজী আহমেদ জাকি অভিযোগ করেন, ড্যাবের কর্মীরা মব সৃষ্টি করে এ ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে ড্যাব সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ হামলার সত্যতা স্বীকার করলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের পরিচিত মুখ ও সাবেক পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরার সঙ্গে অফিসিয়াল বৈঠকের বিষয়টিকে দায়ী করেন।
চিকিৎসক সংগঠনের এমন কাণ্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। পেশায় চিকিৎসকরাও যে অশিক্ষিতদের মতো আচরণ করেন তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন নেটিজেনদের অনেকেই। গবেষকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং চলা অবস্থায় এমন শারীরিক আক্রমণের ঘটনা সাধারণ মানুষকেও হতবাক করেছে।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির ওপর হামলার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক, নিন্দাজনক ও অনভিপ্রেত হিসেবে আখ্যায়িত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। বহিরাগতদের এ ধরনের আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না জানিয়ে তিনি বলেছেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রকল্পের চাকরি ও দায়িত্ব নিয়ে বিরোধের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত চিকিৎসক জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ স্থগিত করেছে ড্যাব।
জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি, দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর ওপর মব সহিংসতা ঘটানো হয়েছে। এ কারণে সাধারণ মানুষ চরমভাবে নিরাপত্তাসংকটে ভুগেছে। অন্তর্র্বতী সরকারের সময় মব সহিংসতা চরম আকার ধারণ করে। পরবর্তী সময়ে বিএনপি সরকার ক্ষমতায় এসে এটি কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারলেও এখনো দেশের বিভিন্ন স্থানে এই ঘটনাগুলো ঘটছে। এরই অংশ হিসেবে গত বুধবার আইইডিসিআর পরিচালকের ওপর হামলার ঘটনা সবার সামনে এলে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই, সবার আগে আইনের শাসন নিশ্চিত হওয়া জরুরি। আইইডিসিআরের নিজের কক্ষে পরিচালককে মারধরের ঘটনায় তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনানুগ শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারি প্রতিষ্ঠানের নিরাপদ কর্মপরিবেশ, কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতে ব্যবস্থা নেওয়া জরুরি। আমরা আশাকরি, সরকার দক্ষ নেতৃত্বের মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ সুরক্ষায় এবং মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২