শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
বুড়িচংয়ে ডিবি পরিচয়ে সড়কে ত্রাস সৃষ্টির অভিযোগ, আটক ৩
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ৩০.১০.২০২৬ ১:২৯ এএম |

বুড়িচংয়ে ডিবি পরিচয়ে সড়কে ত্রাস সৃষ্টির অভিযোগ, আটক ৩সৌরভ মাহমুদ হারুন ।।
সড়কে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক সিএনজিচালকের পথরোধ, চালকের বস্তায় অবৈধ মালামাল থাকার অজুহাত এবং পরিচয়পত্র দেখতে চাওয়ায় মারধরের অভিযোগ—এমন ঘটনায় কুমিল্লার বুড়িচং উপজেলার চড়ানল এলাকায় তিন যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকায় কুমিল্লা–বাগড়া সড়কে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাঁদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মীরপুর উত্তরপাড়ার মৃত রহুল আমিনের ছেলে মো. সাদ্দাম হোসেন রিয়াজ (২৩), রাজাপুর ইউনিয়নের মসজিদপাড়ার আলমগীর হোসেনের ছেলে মো. ফাহিম হোসেন ওরফে সাইম (১৯) এবং একই এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. এনামুল হাসান (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশার চালক মো. আবু কাউছার (৪০) চালের বস্তা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে চড়ানল এলাকায় ওই তিন যুবক তাঁর অটোরিকশার গতিরোধ করেন। নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তাঁরা চালের বস্তায় অবৈধ মালামাল রয়েছে বলে দাবি করেন।
চালকের কাছে তাঁদের পরিচয় সন্দেহজনক মনে হলে তিনি পরিচয়পত্র দেখতে চান। অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা তাঁকে গালমন্দ ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি চড়-থাপ্পড় মারেন। এ সময় প্রায় ১০ থেকে ১৫ মিনিট তাঁর অটোরিকশাটি আটকে রাখা হয়।
পরে চালক আবু কাউছার বুড়িচং থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে। পুলিশ সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এর আগেও ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অভিযান চালানোর কথা জানিয়েছেন।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বুড়িচং থানায় নিয়মিত মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাঁদের কুমিল্লার আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। বিষয়টি বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২