
ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতার প্রথম দিনেই সাঁতার ও ডাইভিংয়ে ছয়টি জাতীয় রেকর্ড হয়েছে। প্রথম দিন পদক তালিকায় বাংলাদেশ নৌবাহিনী ৯টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জসহ মোট ১৮টি পদক পেয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী জিতেছে ৩টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ। বিকেএসপি পেয়েছে একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ এবং নিকলী সুইমিং ক্লাব পেয়েছে একটি ব্রোঞ্জ পদক।
প্রথম দিনে সাঁতারে ১০টি এবং ডাইভিংয়ে দুটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে সাঁতারে পাঁচটি এবং ডাইভিংয়ে একটিসহ মোট ছয়টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে। পুরুষদের ২০০ মিটার ফ্রিস্টাইলে বাংলাদেশ নৌবাহিনীর কাজল মিয়া ১ মিনিট ৫৪.৫৫ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন। আগের রেকর্ডটিও ছিল তারই- ২০২৫ সালে সময় নেন ১ মিনিট ৫৫.০৬ সেকেন্ড। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি ২৫.৮১ সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতেছেন। এই ইভেন্টের আগের রেকর্ডও ছিল রাফির, ২০২৫ সালে ২৬.০৫ সেকেন্ড। নারীদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে বাংলাদেশ সেনাবাহিনীর ইরফানা খাতুন ১ মিনিট ১৭.৩৬ সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। আগের রেকর্ড ছিল রোমানা আক্তারের-১ মিনিট ১৮.২৭ সেকেন্ড
৪×১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে পুরুষ বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি, মো. ইসলাম, মো. আসিফ রেজা ও কাজল মিয়া ৩ মিনিট ৩০.৩৭ সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। আগের রেকর্ডটিও ছিল নৌবাহিনীর, ২০২৫ সালে ৩ মিনিট ৩২.১৮ সেকেন্ড। নারীদের ৪×১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ফাতিহা মাহতাব মাইশা, পলি খাতুন, মোছা. মুক্তা খাতুন ও সোনিয়া আক্তারের নৌবাহিনী দল ৪ মিনিট ২৪.২০ সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড করেছে। আগের রেকর্ড ছিল ৪ মিনিট ২৫.৫৫ সেকেন্ড। ডাইভিংয়ের নারীদের ১ মিটার স্প্রিংবোর্ডে বাংলাদেশ নৌবাহিনীর অর্পা দাস ১১৯.৯৫ পয়েন্ট নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। আগের রেকর্ড ছিল বিকেএসপির নন্দিনী পাহানের ১০৯.৩ পয়েন্ট।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় বুধবার (২৮ অক্টোবর) সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে চার দিনব্যাপী এই প্রতিযোগিতা। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। প্রতিযোগিতায় বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশসহ প্রায় ৭৯টি দল অংশ নিচ্ছে। এতে প্রায় ৪৭০ জন পুরুষ ও ১০২ জন নারী সাঁতারু রয়েছে।
আজ বুধবার প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।
