
গতকাল জামালদের সাথে অনুশীলন করেছেন তাজ উদ্দিন, আর আজ আব্দুল্লাহ ওমর সজীব। জাতীয় দলের হেড কোচ থমাস ডুলি ২৮ জনের তালিকা আগেই চূড়ান্ত করেছেন। এরপর আরো দুই ফুটবলারের অর্ন্তভূক্তি নিয়ে প্রশ্ন উঠেছে, তারা সাফে শেষ পর্যন্ত থাকবেন কি না।
আজ বিকেলে জাতীয় দলের হেড কোচ থমাস ডুলি সাংবাদিকদের সামনে এসেছিলেন। তিনি তাজ ও সজীবকে নিয়ে বলেন, ‘আপনারা জানেন আমাদের কিছু ইনজুরি আছে যেমন বিশ্বনাথ। তার যদি আবার হ্যামেস্ট্রিং হয়। এজন্য আমরা অতিরিক্ত দুই জন ডেকেছি, দেখা যাক আগামী কয়েক দিন কি হয়।’
১৮ অক্টোবর ছিল ২৮ জন ফুটবলারের নাম জমা দেয়ার শেষ দিন। বাংলাদেশ দলের হেড কোচ থমাস ডুলি ২৮ জনের নাম ফেডারেশনকে দিয়েছেন নির্ধারিত সময়ের আগেই। ঐ সময়সীমার জন্য রাফায়েল টুডু এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো পারফর্ম করেও দলে সুযোগ পাননি। তাজ ও সজীবকে ক্যাম্পে ডাকায় রাফায়েল টুডু প্রসঙ্গ আবার এসেছে। যদিও এই প্রশ্ন করার সুযোগ পাওয়া যায়নি ডুলিকে।
গতকাল জাতীয় দল কমিটির সভা ছিল। সেই সভায় কোচ ডুলিও ছিলেন অনলাইনে। তপু ও সোহেল রানা এখনো পর্যাপ্ত ফিট নন বলে তিনি সভায় অবহিত করেন। সজীব ও তাজকে আমন্ত্রণের পাশাপাশি ফেডারেশন থেকে সাফে অনুরোধ করা হচ্ছে। এ নিয়ে সাফের সাধারণ সম্পাদক পুরুষত্তোম ক্যাটেল বলেন, ‘এই রকম বিষয় আসলে সাফ আভ্যন্তরীণভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা সকল দেশের জন্য সমান অধিকার নিশ্চিতে বিশ্বাসী।’ ধোয়াশা তৈরি হয়েছে আবাহনীর ম্যানেজার শহীদ হোসেন স্বপনকে দেয়া ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর তথ্যেও, ‘জাতীয় স্বার্থে আমরা খেলোয়াড় ছাড়ছি। ২৮ জনের তালিকা তো হয়েই গেছে এরপরও খেলোয়াড় কেন ডাকছে জাতীয় দলের ম্যানেজারকে প্রশ্ন করেছিলাম। সে বলেছে এখনো নাকি তালিকা জমা দেয়নি সাফে। আমরা খেলোয়াড়কে বলেছি তোমার (সজীব) সিদ্ধান্ত অনুশীলন নাকি স্কোয়াডের জন্য ডাকছে সেটা পরিষ্কার নয়। তোমার বিষয় যাবে কিনা।’ তাজ এক দিন আগে যোগ দিলেও সজীব অবশ্য পরে যোগ দিয়েছেন।
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক হাসান আল মামুন পদত্যাগ করেন। আবার জাতীয় দলে কাজ করেন। এ নিয়ে তীব্র সমালোচনা চলছে ফুটবলাঙ্গনে। গতকাল জাতীয় দল কমিটির সভায় এক সদস্য এই বিষয়ে প্রশ্ন উথাপন করেন। সেই প্রশ্নের প্রেক্ষিতে বাফুফে সভাপতি জানান, তার পদত্যাগ গৃহীত হয়নি। এতে আবার ফিরতি প্রশ্ন উঠেছে, জাতীয় দলের জন্য হাসান আল মামুন কি এতই অপরিহার্য। ট্যাকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটু এত কোচিং কোর্স করছেন অথচ মান সম্পন্ন কোচ নেই তিনিও কালকের সভায় কাঠগড়ায় পড়েছিলেন। আজ অনুশীলনে ডুলি হাসান আল মামুনকে নিয়ে বলেন, ‘কোচিং স্টাফ নিয়ে আমি সন্তুষ্ট। সে (মামুন) রিজাইন করেছে আবার ফেরত এসেছে। আমরা এখন ম্যাচ খেলার জন্য তৈরি হচ্ছি।’
