চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে পিটিয়ে হত্যা করা জামায়াতকর্মী ক্বারী মো: ইউসুফের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বাদ জোহর উপজেলার কনকাপৈত স্কুল মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মোঃ শাহাজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আমীর মাহফুজুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত নেতা নজরুল ইসলাম মজুমদার, কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর হাসান মজুমদার প্রমুখ।
জানাযায় উপস্থিত কুমিল্লা দক্ষিণ জেলা ও চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত নেতৃবৃন্দ ক্বারী ইউসুফ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবী জানান।
এ সময় উপস্থিত কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শরিফুল জানান, এই হত্যাকান্ডে জড়িতদের কোন ছাড় দেয়া হবেনা মর্মে চৌদ্দগ্রাম সার্কেলের এসপি মহোদয় এবং চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন। এরআগে মহাসড়কের আমজাদের বাজার এলাকায় হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে স্বজনরা।
উল্লেখ্য, গত ২-৩ দিন আগে স্থানীয় কনকাপৈত স্কুল মাঠে বালুর ট্রাক্টর চলাচল নিয়ে পাশ্ববর্তী বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারের ফারিহা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী আবুল কালাম আজাদের মালিকানাধীন ট্রাক্টর চালকের সাথে জামায়াতকর্মী ক্বারী মোঃ ইউসুফের বাকবিতন্ডার ঘটনা ঘটে। ওই সময় আবুল কালাম আজাদ জামায়াত কর্মী মোঃ ইউসুফকে আমজাদের বাজার সীমানায় যেতে নিষেধ করে প্রাণনাশের হুমকি দেন। সোমবার (২৬ অক্টোবর) ভোর আনুমানিক ছয়টায় কাজী মোঃ ইউসুফ আমজাদের বাজার গেলে ফারিহা এন্টারপ্রাইজ এর আবুল কালাম আজাদ গং ইউসুফকে মারধর করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে স্বজনরা খবর পেয়ে মোঃ ইউসুফকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত মোঃ ইউসুফ এলাকায় ইসলামী সংগীত শিল্পী হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে তিনি মোটরসাইকেল রাইড শেয়ারিং এর কাজ করতেন।
