বিশেষ প্রতিবেদক: কুমিল্লার চান্দিনায় একটি এতিমখানা ও রেজভীয়া দরবার শরীফের একটি খানকায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার বরকইট ইউনিয়নের মধ্যমতলা গ্রামে রাজিয়া বারিক গাউছিয়া রেজভীয়া সুন্নীয়া এতিমখানা ও খানকায় ওই ঘটনা ঘটে। এতে ভীত হয়ে পরদিন এতিমখানা ত্যাগ করে শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠানটির তত্বাবধায়ক মো. খায়রুল ইসলাম জানান- প্রতিদিনের ন্যায় রাত ১০টায় আমরা ঘুমিয়ে পড়ি। রাত ১২টায় খানকার সামনে একটি বিকট শব্দ শুনতে পাই। ভয়ে আমরা কেউ বের হইনি। ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে দেখি আমাদের এতিমখানা ও খানকার দুইটি কাঁচের জানালা ভাঙ্গা এবং এতিমখানার গেইটের সামনে ইন্ডিয়ান আতশ বাঁজি পড়ে থাকতে দেখি। হামলাকারীরা রাতে বাঁজি ফাঁটিয়ে আতঙ্ক সৃষ্টি করে প্রতিষ্ঠানটিতে হামলা করে।
প্রতিষ্ঠানটির যুগ্ম সম্পাদক এড. মহসিন ভূইয়া জানান- হামলাকারীরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছে। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পরদিন মাদ্রাসা ত্যাগ করে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
এ ব্যপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নূরুজ্জামান জানান- বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখবো।
