ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ হাজারেরও বেশি ভারতীয় বাজি এবং মাদক সেবনের অভিযোগে ৬ জনসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে। গত ২৬ ও ২৭ অক্টোবর তারিখে পরিচালিত এসব অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিদেরও গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) মো. শামীম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৮নং মালাপাড়া ইউনিয়নের রামনগর (হাজারী বাড়ি) এলাকায় অভিযান চালায়। এ সময় মো. লাল চাঁদ বাদশা (৪৩) নামের এক ব্যক্তির বসতঘরের সামনে থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লাল চাঁদ বাদশা ওই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
এর আগে একই দিন রাত সোয়া নয়টার দিকে ৪নং শশীদল ইউনিয়নের শশীদল গার্লস হাই স্কুলের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায় এসআই (নিঃ) মো. তারেক আজিজ ও এএসআই (নিঃ) মো. নুর-আল-আহসানের নেতৃত্বে পুলিশের অন্য একটি দল। এ সময় অজ্ঞাতনামা আসামিরা পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া ১০ হাজার ৫০০ পিস ভারতীয় ‘স্টার রেইন ইলেকট্রিক স্পার্কলার্স’ বাজি এবং ৭৫ পিস ভারতীয় ‘কালার কালেকশন’ বাজি উদ্ধার করা হয়।
এদিকে, নিয়মিত বিভিন্ন ওয়ারেন্ট তামিল অভিযানে জিআর সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাহাবুব আলমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড) রয়েছে। ২৭ অক্টোবর অপর এক অভিযানে জিআর সাজাপ্রাপ্ত অপর পলাতক আসামি খোদেজা বেগমকে (স্বামী-দুলাল মিয়া) গ্রেফতার করা হয়, যার বিরুদ্ধে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড) রয়েছে।
এছাড়া, ব্রাহ্মণপাড়া থানার এএসআই (নিঃ) মো. সাইফুল আলম সিদ্দিকী ও মো. ইমরান হোসেনের নেতৃত্বে নেত্রকোনা জেলার দুর্গাপুর থানা এলাকা থেকে একই ব্যক্তির নামে দুটি জিআর সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মোহন মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দুটি সিআর সাজা ওয়ারেন্টও রয়েছে।
অন্যদিকে, ২৬ অক্টোবর মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের মাধ্যমে ৬ জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামিরা হলেন— মো. মাজহারুল ইসলাম (১৯) ও মো. সাকিল (১৮, উভয় সাং চান্দলা, ব্রাহ্মণপাড়া), মো. মেহেদী হাসান (২২, সাং শিদলাই, ব্রাহ্মণপাড়া), মো. জিহাদ (২৪, সাং পাচড়া, বুড়িচং), আজিম খান (২৩, সাং চরানং, বুড়িচং) এবং সামির আহম্মেদ (২২, সাং মাধবপুর, ব্রাহ্মণপাড়া)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, উপরোক্ত ধৃত আসামিদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
