নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা ক্লাবের বার্ষিক বনভোজন সফল ও নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার প্রত্যাশায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বাদ এশা কুমিল্লা ক্লাব মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুমিল্লা ক্লাবের সহসভাপতি আমিরুজ্জামান আমিরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি, বার্ষিক বনভোজনের সফলতা এবং ক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের সার্বিক কল্যাণ কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি রোটারিয়ান ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আহমেদ সোয়েব, কল্যাণ সম্পাদক নাসির উদ্দিন সুমন, ক্রীড়া সম্পাদক জহিরুল হক জেন্টু, আপ্যায়ন সম্পাদক ওমর ফারুক শাহীন, ক্লাব সদস্য সোহেল, সিনিয়র সদস্য হাসান ইমাম মজুমদার ফটিক ও মোহাম্মদ মহিউদ্দিন। এ ছাড়া ক্লাবের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ সাজ্জাদুল কবির সাজ্জাদসহ ক্লাবের অন্যান্য সদস্য ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠানে সহসভাপতি আমিরুজ্জামান আমির বলেন, কুমিল্লা ক্লাবের ঐতিহ্য, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ক্ষেত্রে বার্ষিক বনভোজন একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এ আয়োজন যেন আনন্দঘন পরিবেশে নির্বিঘ্নে ও সফলভাবে সম্পন্ন হয়, সে প্রত্যাশায় মহান সৃষ্টিকর্তার রহমত ও বরকত কামনা করে এ দোয়ার আয়োজন করা হয়েছে।
পরে ক্লাব মসজিদের ইমামের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সার্বিক উন্নতি, সদস্য ও তাঁদের পরিবারের সুখ-শান্তি, সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করা হয়।
