কবির হোসেন, তিতাস ।।
কুমিল্লার তিতাস উপজেলার ৬ নম্বর ভিটিকান্দি ইউনিয়নকে মাদক,সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত একটি মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো.যুবরাজ ইসলাম রাসেল।
তিনি পেশায় একজন বিশিষ্ট ব্যাবসায়ী এবং ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থেকে তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেন এবং এলাকার উন্নয়ন মুলক কাজে শরিক হয়ে নিজেকে সব সময় ইউনিয়ন বাসীর পাশে রেখেছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে যখন নানা আলোচনা উঠে তখন যুবরাজ ইসলাম রাসেলের নামটি অকপটে সবার মুখে চলে আসে।
ভিটিকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা যুবরাজ ইসলাম রাসেল তিনি ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক জীবনের শুরু থেকেই সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় এই তরুণ নেতা নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়াতে ব্যবসায় মনোযোগী হন। ঢাকায় ব্যবসা করার পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি।
রাসেল ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, উঠান বৈঠক ও গণসংযোগকালে ইউনিয়নবাসীর সুখ-দুঃখের কথা শুনে নিজের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন।
যুবরাজ ইসলাম রাসেল বলেন,ভিটিকান্দি ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি মডেল ইউনিয়ন গড়ার লক্ষে তিনি চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন। তার মতে একটি এলাকার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে তরুণ প্রজন্মের ওপর। তাই যুবসমাজকে মাদক, সন্ত্রাস, অপরাধ ও দুর্নীতি থেকে দূরে রেখে শিক্ষা, খেলাধুলা, কর্মসংস্থান এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিতে চান তিনি।
তিনি মনে করেন, তরুণদের শক্তি ও সৃজনশীলতাকে সঠিক পথে কাজে লাগানো গেলে একটি ইউনিয়নের সামাজিক ও অর্থনৈতিক চিত্র বদলে দেওয়া সম্ভব।
রাসেল বলেন, শিক্ষিত ও দক্ষ প্রজন্মই পারে একটি এলাকার টেকসই উন্নয়নের ভিত শক্ত করতে। তাই উন্নয়ন পরিকল্পনায় শিক্ষা ও তরুণদের অগ্রাধিকার দিতে চান তিনি।যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।
রাসেলের পরিকল্পনায় রয়েছে উন্নত যোগাযোগব্যবস্থার পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক সুবিধা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ইউনিয়ন পরিষদকে আরও জনবান্ধব ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপ দেওয়ার বিষয়টিও গুরুত্ব দিবেন এই তরুণ নেতা।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভিটিকান্দি ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। এরই মধ্যে যুবরাজ ইসলাম রাসেলের প্রার্থিতা নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক সারা পাচ্ছে।
