ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া ।।
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ১ কোটি ৫ লাখ ৭৬ হাজার ৪৯০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। শনিবার দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি) এর দিকনির্দেশনা ও পরিকল্পনায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। বিজিবি জানায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চণ্ডিদার, কাজিয়াতলী ও মঈনপুর বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়। অভিযানে ভারতীয় অবৈধ শাড়ি, বাজি, বাসমতি চাল, গরু, চকলেট, ফুসকা, ফেসওয়াশ, অলিভ অয়েল, পন্ডস পাউডার, সাবান, জনসন বেবি লোশন, শ্যাম্পু, গাঁজা, স্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫ লাখ ৭৬ হাজার ৪৯০ টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজিবি আরও জানায়, মহাপরিচালকের নির্দেশনা-‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’-বাস্তবায়নে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ বা পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
