ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা এলাকার একাধিক মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) ব্রাহ্মণপাড়া থানার একটি বিশেষ দল চান্দিনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. হাসান (৩০)। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের মজিবুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া হাসানের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক অপরাধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় আদালত তাঁকে পৃথকভাবে ১৫ বছর ও ১০ বছর-মোট ২৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
রোববার গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি এম এ মজিদের নেতৃত্বে পুলিশের একটি দল চান্দিনা থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে দীর্ঘদিনের পলাতক ও পরোয়ানাভুক্ত আসামি হাসানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক ডি এম এ মজিদ জানান, আসামির বিরুদ্ধে দুই মামলায় ২৫ বছরের সাজা পরোয়ানাসহ মোট ৪টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা বিচারাধীন রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আইনশ্ঙ্খৃলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “গ্রেপ্তারকৃত হাসান একজন তালিকাভুক্ত ও পরোয়ানাভুক্ত কুখ্যাত আসামি। তাঁর বিরুদ্ধে ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের একাধিক পরোয়ানা রয়েছে। চান্দিনা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে সফলভাবে গ্রেপ্তার করা হয়েছে।
