আলমগীর হোসেন।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির চাপায় মো. ফজলুল হক তালুকদার (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ছাড়া মহাসড়কের ইলিয়টগঞ্জের দৌলতপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান রাস্তার পাশে পড়ে গেলে দুজন আহত হন।
রবিবার (১৮ অক্টোবর) সকাল ৯ টার দিকে দাউদকান্দির শহীদনগর এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুল হক তালুকদার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামের বাসিন্দা।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় জানান, শহীদনগর এলাকায় মহাসড়ক পারাপারের সময় একটি অজ্ঞাত ট্রাকের ধাক্কায় ফজলুল হক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে, একই মহাসড়কের ইলিয়টগঞ্জের দৌলতপুর এলাকায় ভোর ৫টার দিকে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
