শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় আল আমীন হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদ সভা
ইসমাইল নয়ন।।
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:৫৮ এএম |


কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আল আমীন (৩৬) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে সিদলাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজী মার্কেটে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ জনগণের উদ্যোগে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিদলাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফয়েজ সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ সোহেল রানা। এতে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সালিশ-বিচারক মণ্ডলী।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আল আমীনকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় এবং পরে ডোবায় লাশ ফেলে রাখা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিতে হবে। বক্তারা একবাক্যে অবিলম্বে সব আসামিকে গ্রেপ্তারের দাবি জানান।
সভায় ছেলের মর্মান্তিক মৃত্যুর বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন আল আমীনের বাবা ও সাবেক ইউপি সদস্য অহিদ মিয়া। তিনি বলেন, “আমার পুত্রকে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে, তাদের সঠিক বিচার চাই।”
ঘটনার বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আল আমীন হত্যা মামলার ইতোমধ্যে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য আধুনিক প্রযুক্তি ও ডিভাইস ব্যবহার করে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। খুব অল্প সময়ের মধ্যেই অভিযুক্ত বাকি আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, আল আমীন উপজেলার সিদলাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য অহিদ মিয়ার ছেলে। গত ২৮ জুলাই বিকেলে সিদলাই গ্রামের কয়েকজন লোক আল আমীনকে দেখা করার কথা বলে মোবাইল ফোনে ডেকে নেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের পরদিন ২৯ জুলাই বুধবার সকালে চান্দলা ইউনিয়নের ছোটধূশিয়া পশ্চিম পাড়া এলাকার একটি ডোবা থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়েছিল।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২