কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫০ লাখ ৭৯ হাজার ৬৮০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। এসব অভিযানে দুই আসামিকেও আটক করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ৬০ বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি)-এর দিকনির্দেশনা ও পরিকল্পনায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সালদানদী, শশীদল, শংকুচাইল, খারেরা, আখাউড়া, চণ্ডিদার, কসবা, খাদলা ও মাদলা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়। অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে বাসমতি চাল, বাজি, রেড বুল এনার্জি ড্রিংকস, আমুল বাটার, গরু, চকলেট, চা-পাতা, বিভিন্ন ধরনের ওষুধ, শাড়ি, স্কিন ক্রিম, ফেসওয়াশ, অলিভ অয়েল, বডি স্প্রে, গার্নিয়ার স্কিন ন্যাচারাল ওয়াটার, কুঁচিয়া মাছ, গাঁজা, মদ, বিয়ার ও মোটরসাইকেল। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ ৭৯ হাজার ৬৮০ টাকা। বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, সীমান্তে অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
