শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
ব্যতিক্রমধর্মী আয়োজনে ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগ শচীন দেব বর্মনের স্নাতক ডিগ্রি অর্জনের শতবর্ষ পূর্তি উৎসব
আবু সাঈদ
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:৪৫ এএম |


উপমহাদেশের সংগীতজগতের কিংবদন্তি শচীন দেব বর্মনের স্নাতক ডিগ্রি অর্জনের শতবর্ষ পূর্তি উপলক্ষে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগ। সংগীত ও সংস্কৃতির এই কিংবদন্তির জীবন, কর্ম ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আয়োজন করা হয় ‘শতবর্ষ পূর্তি উৎসব’।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল মজিদ। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুনছুর হেলাল।
প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁঞা বলেন, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা শচীন দেব বর্মনের জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। পাশাপাশি সংগীতজগতে তাঁর অসামান্য অবদান সম্পর্কেও জানার সুযোগ পাবে।
তিনি আরও বলেন, ‘শচীন দেব বর্মন ছিলেন একজন মহান সংগীতজ্ঞ। তাঁকে বলা হয় মুকুটহীন সম্রাট। তিনি ত্রিপুরার মুকুট চাননি, বরং গানের মুকুট নিয়ে এগিয়ে গেছেন। তিনি কুমিল্লায় বেড়ে উঠেছেন এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকেই স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এটি ভিক্টোরিয়া কলেজের জন্য গর্বের বিষয়।’
আয়োজনের মধ্য দিয়ে শচীন দেব বর্মনের শিক্ষাজীবন, সংগীতসাধনা ও সাংস্কৃতিক অবদান স্মরণ করার পাশাপাশি তাঁর জীবন ও কর্ম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টির প্রয়াস নেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে শচীন দেব বর্মনের জনপ্রিয় গান পরিবেশন করেন বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। সংগীত, সাহিত্য ও ঐতিহ্যের সমন্বয়ে আয়োজিত এ উৎসব কলেজের সাংস্কৃতিক চর্চায় নতুন মাত্রা যোগ করেছে। পাশাপাশি শিক্ষার্থীদের দেশের সংগীত-ঐতিহ্য ও সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি করেছে।

 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২