কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৩ লাখ ৭৭ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৪ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে৷ ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনা ও পরিকল্পনায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়। কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবির বিভিন্ন বিওপির টহলদল পৃথকভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় রেড বুল এনার্জি ড্রিংকস, ডেরোবিন ক্রিম, আমুল কুল, ফুচকা, বাসমতি চাল, অলিভ অয়েল, শ্যাম্পু, কফি, গরু, জিরা, মদ ও একটি সিএনজিচালিত যান জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৭৭ হাজার ৬০০ টাকা। বিজিবি সূত্র জানায়, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল, খারেরা, শংকুচাইল ও বড়জ্বালা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা উপজেলার মঈনপুর, মাদলা ও খাদলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানানো হয়েছে। ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
