নিজস্ব প্রতিবেদক: পরিচ্ছন্ন নগর গড়ে তোলা এবং বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে কুমিল্লায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
‘আমাদের শহর, আমরাই পরিষ্কার রাখব’ স্লোগান সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করা, কঠিন বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় নাগরিকদের সচেতন ও সম্পৃক্ত করা।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ইউডিসিজিপির টিম লিডার রেমন্ড গার্সিয়া গো, কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন চিশতী এবং ইউডিসিজিপির আবাসিক প্রকৌশলী মো. গোলাম রব্বানী।
কর্মসূচিতে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের পাশাপাশি নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, যত্রতত্র ময়লা-আবর্জনা না রাখা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে নগরীর পরিবেশ দূষণ কমানো এবং বাসযোগ্য শহর গড়ে তোলা সহজ হবে।
নগরকে পরিচ্ছন্ন রাখা শুধু সিটি করপোরেশনের একক দায়িত্ব নয়, বরং এ ক্ষেত্রে নগরবাসীরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব কুমিল্লা গড়ে তুলতে সহায়ক হবে।
কর্মসূচির শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
