‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। কন্যাশিশুর নিরাপদ শৈশব, শিক্ষা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ রোধে পরিবার ও সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কবি নজরুল মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। পরে মিলনায়তনে এক আলোচনা সভা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সারোয়ার রাব্বির সভাপতিত্বে এবং সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল খন্দকার।
সভাপতির বক্তব্যে ইউএনও এ বি এম সারোয়ার রাব্বি বলেন, “কন্যাশিশুর নিরাপদ শৈশব, শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে পরিবার থেকে শুরু করে সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাল্যবিবাহ একটি শিশুর শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও ভবিষ্যৎ সম্ভাবনাকে পুরোপুরি বাধাগ্রস্ত করে। তাই অভিভাবকদের এ বিষয়ে সচেতন হতে হবে এবং অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে।”
তিনি আরও বলেন, কোনো কন্যাশিশু যেন পারিবারিক চাপ বা সামাজিক প্রথার কারণে তার স্বপ্ন ও শিক্ষাজীবন থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সবাইকে সর্বদা সজাগ থাকতে হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুকে কোনোভাবেই বোঝা বা অবহেলার পাত্র হিসেবে না দেখে তাকে সম্ভাবনার উৎস হিসেবে দেখতে হবে। তাদের শিক্ষা, পুষ্টি, নিরাপত্তা ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। বাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়; বরং অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং স্থানীয় সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে এগিয়ে আসার ওপর জোর দেন বক্তারা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডা. মেজবাহুল জান্নাত মিনি, মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া এবং নুরুন্নাহার বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমদ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জহুরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা বরুণচন্দ্র দে, উপসহকারী কৃষি কর্মকর্তা সূফি আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন।
