সনাতন ধর্মাবলম্বীদের সবচে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেলার ১৭টি পূজামণ্ডপে মোট ১ লাখ ৭০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছেন মানবিক সংগঠন মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের সভাপতি, সমাজসেবক ও ব্যবসায়ী হাজী মো. ফরহাদ হোসেন। সোমবার ১২ অক্টোবর বিকেলে হরিশ্চর হাজী ফরহাদ টাওয়ারে প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে এ অনুদান প্রদান করা হয়।
শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সহযোগিতার লক্ষ্যে তিনি এ আর্থিক উপহার দেন। তাঁর এ উদ্যোগকে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
অনুদান পেয়ে পূজামণ্ডপের দায়িত্বশীলরা ফরহাদ হোসেনের এ উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের সহযোগিতা সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার, মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, রয়েল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ওসমান গনি মুন্না, বেলায়েত হোসেন সোহেল, আবদুল কাদের, সাইফুল মোল্লা, নোমান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মো. ফরহাদ হোসেন বলেন, “দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হোক—এটাই আমার প্রত্যাশা। আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করার আশা ব্যক্ত করেন ।
