সদর দক্ষিণ প্রতিনিধি:
কুমিল্লা সিটি করপোরেশনকে পরিকল্পিত, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে মাস্টারপ্ল্যান অনুযায়ী কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। নগরীর যানজট ও জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের মোস্তফাপুর এলাকায় একটি মক্তব নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউসুফ মোল্লা টিপু বলেন, “মাস্টারপ্ল্যানের মাধ্যমে একটি পরিকল্পিত সিটি কর্পোরেশন গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। নগরীর যানজট ও জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা সিটি কর্পোরেশন কাজ করছে। আমরা এমনভাবে কাজ করতে চাই, যেন দায়িত্ব শেষ হওয়ার পরও মানুষ মনে রাখে এবং বলে যে এই ছেলেটি কুমিল্লা সিটি কর্পোরেশনের জন্য কাজ করে গেছে।
উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের কোনো কাজে দুর্নীতি বরদাশত করা হবে না। নিম্নমানের কাজও কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রতিটি উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে হবে। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ মজুমদার, সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন ভূঁইয়া, ২১ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইঞ্জিনিয়ার কাজী মাকসুদুর রহমান, ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিয়া, বিএনপি নেতা ফয়েজ উল্লাহ এবং সদর দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক সায়েম মজুমদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
