শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
আল্লাহর সাহায্য পেতে ধৈর্য ও নামাজের গুরুত্ব নিয়ে কোরআনে যা বলা হয়েছে
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১২:৩১ এএম |


আল্লাহর সাহায্য ও অনুগ্রহ সবার প্রয়োজন হয়। আল্লাহর সাহায্য ছাড়া বিপদ থেকে উদ্ধার বা সুখের মুহূর্ত স্থায়ী হওয়া সম্ভব নয়। পবিত্র কোরআনে আল্লাহর অনুগ্রহ ও সফলতা পেতে নামাজ আদায়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে ধৈর্য ধারণ করা হয়েছে। মূলত আল্লাহভীরু মানুষদের প্রধান অবলম্বনই হলো ধৈর্য এবং নামাজ। 
নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে একজন মুমিনের সম্পর্ক সুদৃঢ় হয়। নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর কাছ থেকে শক্তি ও সাহায্য লাভ করে। আল্লাহর ওপর ভরসা দৃঢ় হয়। আর ধৈর্যের মাধ্যমে কোনো কাজে দৃঢ় অবস্থান লাভ করে এবং দ্বীনে প্রতিষ্ঠিত থাকার প্রেরণা সৃষ্টি হয়। হাদিসে এসেছে, মহানবীর (সা.) সামনে যখন কোন গুরুত্বপূর্ণ বিষয় এসে উপস্থিত হত, তখন তিনি শিগগির নামাজের শরণাপন্ন হতেন। (আহমদ)
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, আর তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের উপর কঠিন। (সুরা বাকারা, আয়াত: ৪৫)
অর্থাৎ, কারো ওপর কোনো বিপদ দেখা দিলে তিনি যদি ধৈর্য ধরে অপেক্ষা করেন তাহলে এক সময় তার উপর আল্লাহর রহমত নাজিল হবে এবং তিনি সফল হবেন। আর মনোযোগ দিয়ে নামাজ আদায় করলে আল্লাহর ওপর ভরসা বৃদ্ধি হবে এবং অন্তরে প্রশান্তি লাভ হবে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, আর আপনার পরিবারবর্গকে সালাতের আদেশ দিন ও তাতে অবিচল থাকুন, আমরা আপনার কাছে কোন জীবনোপকরণ চাই না; আমরাই আপনাকে জীবনোপকরণ দেই এবং শুভ পরিণাম তো তাকওয়াতেই নিহিত (সুরা ত্বহা, আয়াত : ১৩২)
এ কারণেই যেকোন বিপদাপদে ও সমস্যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে সম্পর্ক তাজা করে নেওয়া উচিত। এবং এর মাধ্যমে আল্লাহর সাহায্য লাভের সহজ উপায়টি অবলম্বন করা উচিত। 
সাহাবা, তাবেয়ীন ও বুজুর্গ আলেমদের থেকে এ ব্যাপারে অনেক ঘটনা বর্ণিত আছে। ইবনে আব্বাস (রা.) একবার সফর অবস্থায় ছিলেন। এমন সময় তার কাছে তার ভাই ‘কুছাম' এর মৃত্যুর খবর পৌঁছাল। তিনি তার বাহন থেকে নেমে দু’রাকাত সালাত আদায় করেন এবং উপরে বর্ণিত আয়াত তিলাওয়াত করলেন। 
আবদুর রহমান ইবনে আউফ (রা.) অসুস্থ অবস্থায় পড়লে একবার এমনভাবে বেহুশ হয়ে যান যে সবাই ধারণা করে বসেছিল যে, তিনি বুঝি মারা গেছেন। তখন তার স্ত্রী উম্মে কুলসুম মসজিদে গিয়ে আল্লাহর নির্দেশ অনুসারে সবর ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করেন। (মুস্তাদরাকে হাকিম, হাদিস: ২৬৯)
সুরা বাকারার এই আয়াত ও হাদিসগুলো আমাদের মূলত বিপদব-আপদে নামাজের মাধ্যমে আল্লাহর ওপর ভরসা, ধৈর্যধারণের শিক্ষা দেয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২