
ঘরোয়া ফুটবলে ২০২৬-২৭ মৌসুমের শুরু থেকেই তৈরি হয়েছে নানা জটিলতা। এবার লিগের মাঝপথে বদলে যাচ্ছে দেশের দুই ঐতিহ্যবাহী ও অন্যতম জনপ্রিয় ক্লাব আবাহনী ও মোহামেডানের ভেন্যু।
দুই ক্লাবের এবার লিগের জন্য হোম ভেন্যু ছিল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বাফুফে কুমিল্লা স্টেডিয়াম ফুটবল লিগের জন্য বুঝে পেলেও স্থানীয় ক্রীড়া প্রশাসন সেখানে অন্য খেলাধূলা আয়োজন করতে চায়। ফলে সেখান থেকে সরে আসতে হচ্ছে আবাহনী-মোহামেডানকে।
আবাহনীর ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী বলেন, ‘কুমিল্লা আমাদের ও মোহামেডানের ভেন্যু ছিল। সেখানে স্থানীয় অন্য প্রতিযোগিতা রয়েছে। বাফুফে আমাদের যে বিকল্পগুলো দিয়েছে, তার মধ্যে ময়মনসিংহ পছন্দ হয়েছে হয়েছে। সেখানে মাঠ ভালো এবং আমাদের কোচেরও চাওয়া ময়মনসিংহ। আমরা লিগের পরবর্তী ম্যাচগুলো ময়মনসিংহে খেলব।’
ঢাকা আবাহনীর এই রাউন্ডে লিগের ম্যাচ নেই। তবে মোহামেডানের খেলা ছিল আগামীকালই। আরামবাগের বিপক্ষে মোহামেডানের সেই ম্যাচের সময় ও ভেন্যু দু’টিই পরিবর্তন হয়েছে। শুক্রবারের পরিবর্তে শনিবার ম্যাচটি অনুষ্ঠিত হবে মুন্সিগঞ্জে। কারণ আগামীকাল মুন্সিগঞ্জে অন্য ম্যাচ রয়েছে। মোহামেডানের আগামীকালের মতো পরবর্তী হোম ম্যাচগুলোও মুন্সিগঞ্জে হওয়ার সম্ভাবনা।
সাধারণত এক ভেন্যুতে দু’টি দলের হোম হয়। মুন্সিগঞ্জে মোহামেডানের হোম হলে তিনটি হবে। এ নিয়ে লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী বলেন, ‘কুমিল্লায় সমস্যা সৃষ্টি হয়েছে। মোহামেডান কুমিল্লায় যেতে এখন আগ্রহীও নয়। ফলে অন্য ভেন্যু খুঁজতে হয়েছে। মোহামেডানের পছন্দের তালিকায় মুন্সিগঞ্জেই এগিয়ে। কালকের ম্যাচ সেখানে অনুষ্ঠিত হবে। তাদের পরবর্তী হোম ম্যাচগুলোও সেখানেই হওয়ার ব্যাপারে আলোচনা চলছে।’
ভেন্যু পরিবর্তন হওয়ায় ফিকশ্চারেও পরিবর্তন আসবে। কারণ এক দিনে একই ভেন্যুতে দুই ম্যাচ হওয়া সম্ভব নয়। কারণ ফ্লাডলাইটে নেই। লিগ কমিটি শীঘ্রই লিগের অংশগ্রহণকারী সকল ক্লাবকে ভেন্যু ও নতুন ফিকশ্চার আনুষ্ঠানিকভাবে প্রেরণ করবে।
